জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকাতেই নিহত সেনারা দায়িত্ব পালন করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাত তৈরি হতে পারে। তিনি ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার সিদ্ধান্তের পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেন।
শুক্রবার জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে চালানো হামলায় দুই সেনা নিহত হন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় শনিবার তেহরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, নিহত সেনাদের আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই অভিযান গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। নিহত সেনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানাবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।