বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে এই পরাজয়কে শেষ হিসেবে দেখছেন না দলের তরুণ মিডফিল্ডার নিকোলাস পাজ। আগামীতে বিশ্বকাপের ট্রফি আবারও আর্জেন্টিনায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নিজের জন্মভূমি স্পেনের বিপক্ষে ফাইনালে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় ভবিষ্যতের এই অঙ্গীকারের কথা জানান পাজ। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের দিনে আগের চেয়েও বেশি গর্বিত, এই দেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং এই জাতীয় দলের অংশ হতে পেরে।’
তিনি আরও বলেন, ‘আমি এমন একটি দলের সদস্য, যারা এই জার্সির জন্য জীবন দিতে পারে। যেকোনো পরিস্থিতিতে তারা নিজেদের হৃদয় ও আত্মা উজাড় করে দেয়। তাদের প্রতি আমি শুধু কৃতজ্ঞ।’
আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে ২১ বছর বয়সী এই মিডফিল্ডার লেখেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ট্রফিটি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। স্পেন ও সব স্প্যানিশ মানুষকে অভিনন্দন।’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে গোল করে ১–০ ব্যবধানে জয় পায় স্পেন। ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
এদিকে নিকোলাস পাজ গড়েছেন অনন্য এক কীর্তি। ২০০৪ সালে স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে জন্ম নেওয়া এই ফুটবলার বিশ্বকাপ ফাইনালে নিজের জন্মভূমির বিপক্ষে খেলা ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। স্পেনে বেড়ে উঠলেও ছোটবেলা থেকেই আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন দেখতেন পাজ।