জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা সম্ভব কি না, তা নিয়ে নগর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
শনিবার (১৮ জুলাই) ‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। মামদানির মতে, তার গন্তব্য হওয়া উচিত হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত।
এর আগে নির্বাচনী প্রচারণার সময়ও মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। তবে তিনি জানান, নগর আইনে মেয়রের কী ধরনের ক্ষমতা রয়েছে, তা নিয়েই এখন পরামর্শ চলছে।
এদিকে নেতানিয়াহু মামদানির অবস্থানের সমালোচনা করে বলেছেন, তিনি মনে করেন মেয়র ‘আমেরিকাকে ঘৃণা করেন’। তবে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, হুমকি থাকলেও সেপ্টেম্বরে অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্ক সফর করবেন।