মার্কিন নৌ অবরোধ কার্যকরের ঘোষণার আগে মঙ্গলবার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এদিন প্রণালি অতিক্রম করা ১১টি জাহাজের মধ্যে ৯টিই ছিল ইরানের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট।
তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ইরানি রুটে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি, এলপিজি, মিথানল ও লৌহ আকরিক বহনকারী কয়েকটি জাহাজ চলাচল করেছে। তবে উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো তেল ও গ্যাস রপ্তানিকারক দেশের জ্বালানিবাহী ট্যাংকারের চলাচলের তথ্য পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দরকে লক্ষ্য করে নতুন নৌ অবরোধের ঘোষণা দেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এরই মধ্যে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলসহ বিভিন্ন জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হয়েছে।