ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার সময় দেশটির গুরুত্বপূর্ণ রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। তেহরান ও মাশহাদের মধ্যে সংযোগকারী একটি রেলসেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই শহরের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাতে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্কালা এলাকার ওই রেলসেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীসেবা বন্ধ রাখা হয়েছে।
খামেনির শেষ বিদায়ে অংশ নিতে মাশহাদের পথে থাকা বিপুলসংখ্যক মানুষ এতে ভোগান্তিতে পড়েছেন। ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সচল করতে প্রকৌশলীরা কাজ করছেন এবং যাত্রীদের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থার চেষ্টা চলছে।
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযোগ করেছে, অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে। তবে আক্কালার রেলসেতুতে হামলার দায় এখনো সরাসরি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে ওই রেলসেতুর বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ ঘটনায় ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।