ইরানে টানা পঞ্চম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, সর্বশেষ হামলায় দেশটির ৭ সেনাসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণাঞ্চলে কয়েক দিনের হামলায় ৩০ জনের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২৬০ জনেরও বেশি।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বমপুর এলাকার একটি সামরিক ঘাঁটিতে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৩৮৮তম ব্রিগেডের সাত সেনা নিহত হন। সেনাঘাঁটির আবাসিক এলাকা, প্রহরী চৌকি ও অতিথিশালাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের পক্ষ থেকে এ হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে বলে জানা গেছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।