ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও ছোট পর্দার পরিচিত অভিনেত্রী কেয়া পায়েল প্রথমবারের মতো জুটি বাঁধছেন। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে তাদের।
চলচ্চিত্রটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ‘মিনিস্ট্রি অব লাভ’ (এমওএল) প্রকল্পের ব্যানারে নির্মিত এই সিনেমাটি হতে যাচ্ছে প্রকল্পটির সপ্তম চলচ্চিত্র। এর সহপ্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।
দীর্ঘদিন পর ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের কোনো কনটেন্টে কাজ করছেন আরিফিন শুভ। অন্যদিকে, ‘হ্যাপিলি ম্যারিড’-এর মাধ্যমে প্রথমবার এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন কেয়া পায়েল।
ছবিটির গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ প্রীতম জানান, সমকালীন জীবনের নানা জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’।
সাধারণত পর্দায় আরিফিন শুভকে অ্যাকশন হিরো কিংবা শক্তিশালী পুরুষ চরিত্রে দেখা যায়। তবে এই সিনেমায় দর্শক তাকে একেবারেই ভিন্ন এক চরিত্রে দেখতে পাবেন। পরিচিত অ্যাকশনধর্মী ইমেজের বাইরে গিয়ে এবার রোমান্টিক-কমেডি ঘরানার গল্পে অভিনয় করেছেন তিনি।
এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, “উনিশ২০-এর পর চরকির সঙ্গে নতুন কাজ করছি। এটি রম-কম ঘরানার একটি কাজ। শুধু বলার জন্য বলা নয়, এমন চরিত্রে আগে অভিনয় করিনি। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখতে পাবেন না। এটি কোনো কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টার নয়।”
নতুন এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কেয়া পায়েল বলেন, “বেশ কিছু কারণে কাজটি নিয়ে ভালো লাগা কাজ করছে। প্রথমত, আমার সহশিল্পী আরিফিন শুভ ভাই। দ্বিতীয়ত, চরকির সঙ্গে এটি আমার প্রথম কাজ। তৃতীয়ত, নির্মাতা জাহিদ প্রীতম। আমার চরিত্রটি প্রেমে পড়ার মতো। এতে অভিনয়ের অনেকগুলো স্তর রয়েছে। দর্শক আমাকে বিভিন্নভাবে দেখেছেন, এবার আরও ভিন্নভাবে দেখতে পাবেন বলে আশা করছি।”
গল্পের ভিন্নতা ও উপস্থাপনার কারণে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এই সিনেমায় সহপ্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন।
উল্লেখ্য, চরকিতে আরিফিন শুভর সর্বশেষ কাজ ছিল ‘উনিশ২০’। অন্যদিকে, ‘ঘুমপরী’-এর পর পরিচালক জাহিদ প্রীতমের এটি চরকির জন্য দ্বিতীয় চলচ্চিত্র।