ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবে পরিচিত ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে আগামী ১৯ জুলাই। জমকালো উদ্বোধনী আয়োজন ও বিশ্বজুড়ে তারকাদের উপস্থিতির পর এবারের বিশ্বকাপের সমাপ্তিও হতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজনে। আগামী ২০ জুলাই নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নেবেন। সমাপনী আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।
ফিফা জানিয়েছে, ফাইনাল ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন টম ক্রুজসহ বিশ্বের জনপ্রিয় কয়েকজন তারকা। অনুষ্ঠানে অংশ নেবেন ইতালীয় সংগীতশিল্পী লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড।
ফিফা আরও জানিয়েছে, ৪৮টি দল, তিনটি স্বাগতিক দেশ এবং ১৬টি আয়োজক শহরজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক বিশ্বকাপের স্মরণীয় যাত্রাকে উদযাপন করতেই আয়োজন করা হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান।
ফুটবল, সংগীত ও সংস্কৃতির এক বৈশ্বিক উদযাপন হিসেবে তুলে ধরা হবে সমাপনী অনুষ্ঠানটি। একই সঙ্গে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত এই ঐতিহাসিক আসরের সাফল্য ও স্মরণীয় মুহূর্তগুলোকে সম্মান জানানো হবে। ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক জমকালো বিনোদনের মঞ্চ।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, “কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে বিশ্বকে স্বাগত জানানো হয়েছিল, সমাপনী অনুষ্ঠানেও ঠিক সেভাবেই সংগীত, সংস্কৃতি ও ফুটবলের সমন্বয়ে এই ঐতিহাসিক আসরের পূর্ণতা দেওয়া হবে।”
উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান ফাইনাল ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটি, যা ফাইনালের কিক-অফের প্রায় ৯০ মিনিট আগে। দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে সকাল ১১টায়।
সমাপনী অনুষ্ঠান ছাড়াও দর্শকদের জন্য থাকবে বিভিন্ন বিশেষ আয়োজন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, পুরস্কার বিতরণ এবং ম্যাচপূর্ব বিনোদনের নানা ব্যবস্থা।