যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার (১১ জুলাই) মাস্কাটে পৌঁছালে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সফরে হরমুজ প্রণালীর পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তেহরান ও মাস্কাটের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর মধ্যেই আরাগচির ওমান সফরকে উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।