যুক্তরাষ্ট্র কোনো সমঝোতা চুক্তি ভঙ্গ করলে ইরান কঠোরভাবে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
শুক্রবার (১০ জুলাই) ইন্দোনেশিয়ার গণপরামর্শক পরিষদের স্পিকার আহমদ মুজানির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো আস্থা নেই এবং তেহরান সব সময় নিজেদের প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।
গালিবাফ জানান, সাম্প্রতিক শান্তি আলোচনা চলাকালে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্পষ্ট করে বলেছেন, যুদ্ধের প্রস্তুতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন। তার দাবি, ওয়াশিংটন যদি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে ইরান দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় শক্ত প্রতিক্রিয়া জানাবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, যদিও যুদ্ধবিরতির অধ্যায় শেষ হয়েছে বলে ওয়াশিংটনের অবস্থান। এর মধ্যেই কাতারের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। তাদের লক্ষ্য, দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে নতুন করে আলোচনার পথ তৈরি করা।