বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির দায়িত্ব পালনের পাশাপাশি এখন থেকে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির নেতৃত্ব দেবেন তিনি।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ‘ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি’ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। এই প্রকল্পের দায়িত্বে থাকবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি। আর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।
বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে তামিমকে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
নতুন দায়িত্বে তামিমের নেতৃত্বাধীন কমিটিতে থাকবেন বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্মকর্তারা। কমিটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি দেবজিত সাইকিয়া, ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
এদিকে আইসিসির সভায় সদস্যপদ সংক্রান্ত বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিষয়ে আইসিসি জানিয়েছে, নবনির্বাচিত বিসিবি সভাপতিকে আইসিসি বোর্ডের ‘ফুল মেম্বার ডিরেক্টর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দ্রুত নির্বাচিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আইসিসি। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আইসিসি বোর্ডের সভায় শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব স্থগিত থাকবে।
সদস্যপদ সংক্রান্ত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’ বা সতর্ক অবস্থায় রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাশাপাশি কানাডার সদস্যপদ পুনর্বহালের ক্ষেত্রেও কিছু শর্ত আরোপ করা হয়েছে।
এছাড়া আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তা হিসেবে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড়শ কোটি টাকার বেশি) আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।