প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।
আদালতে ববির পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এক হাজার টাকা মুচলেকায় অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার। তিনি জানান, প্রতারণা মামলায় আত্মসমর্পণের পর শুনানি শেষে আদালত ববির জামিন আবেদন মঞ্জুর করেছেন।
এর আগে, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় অভিনেত্রী ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন—বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ করেন। পরে ২০ নভেম্বর গুলশানের বিটিএল কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করা হয়। এসব ব্যাটারির মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
অভিযোগে আরও বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও আসামিরা নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স পাওনা টাকা চাইতে তাদের কার্যালয়ে গেলে টাকা দিতে অস্বীকৃতি জানানো হয়। এ সময় তাকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
মামলার বাদীর অভিযোগ, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির মূল্য বাবদ ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেছেন।