চলতি বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ ঘিরে ফুটবল বিশ্বে চলছে আলোচনা। রেফারিং ও ভিএআরের কিছু সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবার এসব অভিযোগের জবাব দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পথচলা নিয়ে যত আলোচনা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমালোচনাও। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর রেফারিং ও ভিএআরের সিদ্ধান্ত নিয়ে শুরু হয় বিতর্ক।
মিসরের কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশন কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করে ফিফার কাছে অভিযোগও জানিয়েছে। এর পর থেকেই প্রশ্ন উঠেছে—লিওনেল মেসির দলকে কি টুর্নামেন্টে টিকিয়ে রাখতে বাড়তি সুবিধা দিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা?
যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সমালোচনার মুখে নীরব থাকেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণেই অনেকের চোখে আর্জেন্টিনা এখন টার্গেট।
তিনি বলেন, ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের সময়ও আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। তাই এটি নতুন কিছু নয়। আর্জেন্টিনা সবসময়ই এমন একটি দল, যা বড় টুর্নামেন্টে আলোচনার জন্ম দেয়।
ভিএআর প্রযুক্তির যুগে ইচ্ছাকৃতভাবে কোনো দলকে সুবিধা দেওয়া সম্ভব নয় বলেও জানান স্কালোনি।
তার ভাষ্য মতে, এখন ভিএআর রয়েছে। এমন প্রযুক্তির সময়ে কোনো নির্দিষ্ট দলকে রেফারির মাধ্যমে সুবিধা দেওয়া খুব কঠিন। বিশ্বকাপ শুরুর আগে আমাদের নিয়মগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। রেফারিরা সেই নিয়ম মেনেই সিদ্ধান্ত নিচ্ছেন।
এদিকে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।