ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) লেনদেনের শুরুতে ইরানের কৌশলগত চাবাহার বন্দরে হামলার খবর ছড়িয়ে পড়ার পর জ্বালানি বাজারে এর প্রভাব পড়ে।
আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ২০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০২ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৫৬ ডলারে। এশিয়ার শোধনাগারগুলোতে ব্যবহৃত মুরবান ক্রুডের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতার আশঙ্কা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের প্রভাব পড়লে তেলের দাম আরও অস্থির হতে পারে।
বর্তমানে বিনিয়োগকারীদের নজর রয়েছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। তাদের সিদ্ধান্তের ওপরই আগামী দিনের জ্বালানি বাজারের গতিপথ অনেকটা নির্ভর করবে।