যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। দুই মামলাতেই জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী পলাশ রায়।
আইনজীবী জানান, স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এক হাজার টাকা মুচলেকায় এবং পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে, ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
এর আগে, প্রথম স্ত্রীর করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ ছাড়া ২৩ জুলাই গভীর রাতে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় মামলা করেন।
ওই মামলায় ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ২৫ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে ২৯ জুলাই আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।