চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।
সোমবার (০৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনীসহ বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত কর্মসূচি নিয়েও আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে আগামী বছর চারটি নতুন বিষয় যুক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, বিভিন্ন শিক্ষা বিভাগের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।