সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান। বুধবার (৬ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে তেহরান কোনো ধরনের হামলা চালায়নি। তাদের ভাষায়, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়, যদি এমন কোনো সামরিক অভিযান চালানো হতো, তবে তা আগে থেকেই জানানো হতো।
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, আরব আমিরাত শত্রুপক্ষকে যুদ্ধকালীন সহযোগিতা করছে, যা দেশটির জন্য ভবিষ্যতে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করা হয়েছে।