হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বেসামরিক যাত্রীবাহী নৌযানে হামলা চালিয়ে পাঁচজন সাধারণ নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছে ইরান।
মঙ্গলবার (৫ মে) তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি রেসুল সরদার আতাস এ তথ্য জানান।
ইরানের অভিযোগ অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী কোনো সামরিক নৌযানে নয়, বরং একটি ছোট যাত্রীবাহী নৌকায় হামলা চালিয়েছে। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করেছিল। তবে ইরানি নৌবাহিনীর কঠোর নজরদারির কারণে তাদের গতিবিধি শনাক্ত করা হয়।
আরও বলা হয়, ইরানি নৌবাহিনী সতর্কতামূলকভাবে মার্কিন জাহাজের দিকে গোলাবর্ষণ করে, যার ফলে মার্কিন ডেস্ট্রয়ারগুলো সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়।
ইরান এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে তা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।