আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহাসড়ক ও রেললাইনের কাছাকাছি কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশনে এ নির্দেশনার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, অতীতে সড়কের ওপর বা পাশে হাট বসানোর কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশকে সমন্বিতভাবে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে, যাতে কোথাও চলাচলে বাধা না পড়ে।
পশুর হাটের শৃঙ্খলা নিশ্চিত করতে বড় হাটগুলোতে জালিয়াতি রোধে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। প্রয়োজনে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি জাল নোট শনাক্তে মেশিন সরবরাহ এবং ব্যাংকগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া, যত্রতত্র হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিয়েও নির্দেশনা দিয়ে তিনি বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে অন্তত সাত দিন লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এ সময়ে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না। এতে ঢাকার ইটিপি ব্যবস্থার চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।