বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে নিখোঁজের এক দিন পর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নৌ-পুলিশ জানায়, মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানান, ঘটনার দিন বিকেলে মা-বাবার জন্য কেনাকাটা করে মায়ের সঙ্গে সময় কাটান তাহসিফ। পরে বাসায় ফেরার পর দ্বীপ নামের এক জুনিয়রের ফোন পেয়ে বাইরে বের হন। এরপর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। রাত দেড়টার দিকে ‘মা, আসছি’ লিখে শেষবারের মতো মেসেজ পাঠান তিনি।

এদিকে, তাহসিফের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ততার দাবি নতুন করে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। গত ২১ জুলাই ‘Speak With Rashid’ পডকাস্টে তাহসিফ নিজেই এ-সংক্রান্ত অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে রাজনৈতিক সংশ্লিষ্টতার সম্ভাবনা হিসেবে উল্লেখ করলেও মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র এখনো নিশ্চিত হয়নি।

ঢাকা জেলা নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com