এলপিজি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব ঘিরে নতুন করে দাম বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিইএএম মিলনায়তনে এ বিষয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
শুনানিতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা বর্তমান কমিশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবি জানিয়েছেন।
প্রস্তাব অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারে আমদানিকারকদের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা ও মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার আবেদন করেছে। এ ছাড়া পরিবেশকরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে ৭০ টাকা করার প্রস্তাব দিয়েছেন।
গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ ও যৌক্তিকতা বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। শুনানি শেষে কমিশন ও নতুন মূল্য নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।