বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সব তথ্য যাচাই করেই এ বিষয়ে মন্তব্য করা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশে শান্তি প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।