প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে গিয়ে শিশু-কিশোরদের জন্য নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছেন।
শনিবার (০২ মে) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই সরকারের লক্ষ্য। বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।
সকালেই সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহ জালাল (র.)-এর মাজার জিয়ারত করেন। পরে সুরমা নদীর তীরে চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশেও অংশ নেন তিনি। সেখানে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।