মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাই হয়ে ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
একই ঘটনায় নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে। এছাড়া ৬ মে দুপুর ২টায় টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়া সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। এর আগে দূতাবাস জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
অন্যদিকে, বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। পরে গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।