দেশের সংগীতপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় ব্যান্ড মেঘদল। সিজন ৪-এর চতুর্থ গান হিসেবে প্রকাশিত হয়েছে ব্যান্ডটির নতুন গান ‘মুল্লুক’। গানটিতে উঠে এসেছে চা-শিল্পী সম্প্রদায়ের শতবর্ষের ইতিহাস, জীবনসংগ্রাম এবং শেকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার গল্প।
দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা বিকল্পধারার সংগীতে নিজস্ব অবস্থান তৈরি করেছে মেঘদল। এবার লোকঐতিহ্যের গভীর শিকড়ের সঙ্গে সমকালীন সুর ও সংগীতের মেলবন্ধনে ব্যান্ডটি তুলে ধরেছে হারিয়ে যেতে বসা একটি সম্প্রদায়ের জীবন ও ইতিহাস।
ঐতিহ্যবাহী ‘পিঞ্জরাকে পুষল ময়না’ গানের পঙ্ক্তি ও সুরকে ভিত্তি করে তৈরি হয়েছে ‘মুল্লুক’। এর সঙ্গে যুক্ত হয়েছে চা-শিল্পীদের জীবনযাপন, তাদের সংগ্রাম এবং ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’-এর ইতিহাস। ফলে গানটি হয়ে উঠেছে লোকসংগীত ও সমকালীন সংগীতের এক অনন্য সংমিশ্রণ।
শিবু কুমার শীলের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ঢোলের ছন্দের সঙ্গে চা-শিল্পীদের কণ্ঠ এবং মেঘদলের নিজস্ব সংগীতধারা মিলেমিশে তৈরি করেছে ভিন্ন এক আবহ।
‘মুল্লুক’ শুধু একটি সম্প্রদায়ের ইতিহাসের গল্প নয়; এর ভেতরে রয়েছে শেকড়ের টান, নিজের পরিচয় এবং আপন মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকা ঘরে ফেরার সেই চিরন্তন অনুভূতিকেই গানের কথা, সুর ও সংগীতায়োজনে তুলে ধরেছে মেঘদল।
লোকঐতিহ্যকে ধারণ করে সমকালীন সংগীতের ভাষায় চা-শিল্পীদের ইতিহাস ও জীবনের গল্প বলার এই প্রয়াস ‘মুল্লুক’-কে কোক স্টুডিও বাংলার এবারের আয়োজনে আলাদা মাত্রা দিয়েছে।