দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৫।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮২৬ শিশুর মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৫।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫। এর মধ্যে ১৮ হাজার ১৪৪ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে, দেশে হাম পরিস্থিতিতে এখনো স্বস্তির লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে।