শাস্ত্রীয় সুরের গভীরতা, ধ্রুপদী উর্দু গজলের আবেগ আর বাংলার চিরায়ত লোকগানের মাটির গন্ধ—তিন ধারার সংগীতের অনন্য মেলবন্ধনে রাজধানীতে বসতে যাচ্ছে বিশেষ এক সংগীতসন্ধ্যা। বিশিষ্ট কণ্ঠশিল্পী, শিক্ষাবিদ ও সুরসাধক আলমগীর পারভেজ সুমনের একক পরিবেশনায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ‘ইউবি মিডিয়া’র উদ্যোগে আগামী শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর ধানমণ্ডির ভাষাসৈনিক এম. এ. মতিন রোডের (সড়ক-৪২) ‘রাশিয়ান হাউসে’ অনুষ্ঠিত হবে এই বিশেষ সংগীতানুষ্ঠান। বিকেল ৫টায় শুরু হবে সুরের এই আয়োজন।
পুরো সন্ধ্যাজুড়ে সংগীত পরিবেশন করবেন আলমগীর পারভেজ সুমন নিজেই। শাস্ত্রীয় সংগীতের মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে তার পরিবেশনায় উঠে আসবে বাংলা গান, ধ্রুপদী উর্দু গজল এবং দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় লোকসংগীত। ভিন্ন ভিন্ন সংগীতধারার এই সম্মিলন শ্রোতাদের জন্য তৈরি করবে এক নান্দনিক ও আবেগঘন সংগীত-অভিজ্ঞতা।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানটি রাখা হয়েছে তুলনামূলকভাবে ঘরোয়া ও নান্দনিক পরিসরে। সংগীতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ করে দিতেই সীমিত পরিসরে সাজানো হয়েছে পুরো আয়োজন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও টিকিটধারী মিলিয়ে প্রায় ১০০ থেকে ২০০ জন সংগীতপ্রেমী সরাসরি উপস্থিত থেকে আলমগীর পারভেজ সুমনের পরিবেশনা উপভোগ করার সুযোগ পাবেন।
সংগীতের নানা ধারাকে একই মঞ্চে এনে শ্রোতাদের ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের মূল আকর্ষণ।