আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন পপ তারকা পোস্ট মেলোন দীর্ঘদিনের প্রেমিকা ক্রিস্টি লির সঙ্গে বাগদান সেরেছেন। তাদের ঘনিষ্ঠ বন্ধু মেরিনা হলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।
সম্প্রতি মেরিনা কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে ক্রিস্টি লিকে মাথায় ওড়না, ‘ব্রাইড টু বি’ লেখা ব্যাজ এবং হাতে হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। বাগদান উপলক্ষে উদযাপনের বিভিন্ন মুহূর্তও উঠে এসেছে ছবিগুলোতে।
২০২৫ সালে প্যারিসে একসঙ্গে ঘুরতে যাওয়ার পর থেকেই পোস্ট মেলোন ও ক্রিস্টি লির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে এতদিন তাদের কেউই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এর আগে জেমি পার্কের সঙ্গে বাগদান হয়েছিল পোস্ট মেলোনের। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। জেমির সঙ্গে সম্পর্কের ইতি টানার পর ক্রিস্টি লির সঙ্গে সম্পর্কে জড়ান এই মার্কিন সংগীতশিল্পী।
বর্তমানে গান ও সংগীত নিয়ে ব্যস্ত সময় পার করছেন পোস্ট মেলোন। আগামী মাসে তার ‘বিগ অ্যাস স্টেডিয়াম ট্যুর’-এর অংশ হিসেবে এশিয়ায় কনসার্ট করার কথা রয়েছে।