যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মরদেহটি ইতোমধ্যে ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামী সোমবার (৪ মে) তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দেশে পাঠানো হবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ রওনা হবে। যাত্রাপথে দুবাইয়ে ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইটে করে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও তার সহপাঠী নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পরে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস ব্রিজ এলাকার কাছ থেকে জামিলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। এখনো নাহিদা বৃষ্টির খোঁজ মেলেনি।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে হত্যাকাণ্ডটি পরিকল্পিত ও নৃশংস ছিল বলে ধারণা করা হচ্ছে।