যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে।
বুধবার (২৯ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ জামিল লিমনের মরদেহ ইতোমধ্যে অন্ত্যেষ্টিক্রিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়।
তিনি আরও জানান, মরদেহ হস্তান্তরের আগে পরিবারের সম্মতি নেওয়া হয়েছে এবং মুসলিম ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় নিখোঁজ হওয়া বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশও উদ্ধার করা হয়। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে ওই অংশ উদ্ধার করে পুলিশ।