যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিশ্ব ফুটবলে তীব্র আলোচনা শুরু হয়েছে।
জানা যায়, গত ডিসেম্বরে ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দেন। তবে এ সিদ্ধান্তকে ঘিরে এখন পুরস্কারটি বাতিলের দাবি উঠেছে নরওয়ে ফুটবল ফেডারেশন-এর পক্ষ থেকে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের অভিযোগ, এ ধরনের সিদ্ধান্ত ফিফার নিরপেক্ষতা ও নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। একইসঙ্গে ফিফা সভাপতির বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জ্যাকসন আরভিন এক সাক্ষাৎকারে বলেন, এমন সিদ্ধান্ত ফিফার মানবাধিকার ও ইতিবাচক পরিবর্তনের বার্তাকে দুর্বল করে দিচ্ছে এবং ফুটবলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।
এ বিষয়ে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানান, ফুটবলের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই—এমন পুরস্কার প্রদানের বিষয়টি বন্ধ করতে তারা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবেন। তার মতে, এ ধরনের পুরস্কার প্রদানের দায়িত্ব ফিফার নয়; বরং নোবেল ইনস্টিটিউটের মতো স্বতন্ত্র সংস্থার এখতিয়ারেই তা থাকা উচিত।