প্রবল বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিন মাসের বিশেষ সহায়তা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর আগেই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে এবং প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে যেসব এলাকায় অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, সেসব কৃষককে চিহ্নিত করে আগামী তিন মাস নিয়মিত সরকারি সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ের প্রশাসনকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।
সংসদে যোগ দেওয়ার আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কঠোরভাবে নজরদারি করছে।