মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ওয়াশিংটন ডিসি-তে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অস্থিরতার কারণে বাংলাদেশের জ্বালানি খাতে যে চাপ তৈরি হয়েছে তা আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তিনি যুক্তরাষ্ট্রের কারিগরি ও কৌশলগত সহায়তা বাড়ানোর ওপর জোর দেন।
জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আশ্বাস দেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত এবং এ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। তিনি আলোচিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনার কথাও জানান।
এছাড়া, বৈঠকে দুই দেশ ভবিষ্যৎ জ্বালানি সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়। নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ানো এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারাও এতে অংশ নেন।