২০২৬ সালের জুন–জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন নিউজিল্যান্ডের বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা।
জানা গেছে, বিশ্বকাপ শেষে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সোফি ডিভাইন এবং লিয়া তাহুহু। এর আগে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৭১৭ রান সংগ্রাহক সুজি বেটসও অবসরের সিদ্ধান্তের কথা জানান। আগামী সেপ্টেম্বরে তার বয়স ৩৯ বছর পূর্ণ হবে।
নিউজিল্যান্ড নারী দলের প্রধান কোচ বেন সাওয়ার বলেন, একই টুর্নামেন্টে দলের তিনজন সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের অবসর নেওয়া অত্যন্ত বিরল ও বিশেষ ঘটনা।
বিশ্বকাপের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে আছেন অধিনায়ক অ্যামেলিয়া কের, সুজি বেটস, সোফি ডিভাইন, লিয়া তাহুহু, ফ্লোরা ডেভনশায়ার, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, উইকেটরক্ষক পলি ইংলিস, জেস কের, রোজমেরি মেয়ার, জর্জিয়া প্লিমার, উইকেটরক্ষক ইজি গেজ ও ইজি শার্প।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্য নিয়ে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে এই অভিজ্ঞ তিন ক্রিকেটারকে।