কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে এখন সহজেই তারকাদের কণ্ঠস্বর, ছবি ও ডিজিটাল অবয়ব নকল করা সম্ভব হচ্ছে। সম্প্রতি এই ধরনের অপব্যবহারের শিকার হয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট।
তার নামে এআই দিয়ে তৈরি অশ্লীল ছবি ছড়ানো হয়েছে এবং রাজনৈতিক প্রচারণাতেও তার ভুয়া ছবি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এসব জালিয়াতি ঠেকাতে তিনি নিজের কণ্ঠস্বর ও নির্দিষ্ট অবয়বের ওপর স্বত্বাধিকার পেতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরে তিনটি আবেদন করেছেন।
তার প্রতিষ্ঠান টিএএস রাইটস ম্যানেজমেন্ট-এর মাধ্যমে করা এসব আবেদনের মধ্যে দুটি তার কণ্ঠস্বর সম্পর্কিত। এর একটি হলো তার পরিচিত কথা “হেই, এটা টেইলর সুইফট” এবং অন্যটি “হেই, এটা টেইলর।” তৃতীয়টি তার একটি নির্দিষ্ট মঞ্চের উপস্থিতি নিয়ে, যেখানে তিনি বিশেষ পোশাকে গিটার হাতে দাঁড়িয়ে থাকেন।
এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন হলিউড অভিনেতা ম্যাথিউ ম্যাককনাহে। তিনি তার জনপ্রিয় সংলাপ “অলরাইট, অলরাইট, অলরাইট” স্বত্বাধিকার হিসেবে নিবন্ধন করেছিলেন।
এআই অপব্যবহার বাড়তে থাকায় তারকাদের পরিচয় সুরক্ষায় এমন আইনি পদক্ষেপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।