পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ২নং ওয়ার্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ও মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরের উপজেলা প্রতিনিধি মুহিবুল্লাহ এনিম। উচ্ছেদ চলাকালীন অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি রক্ষায় তার সাহসী ও সময়োপযোগী হস্তক্ষেপে সাময়িকভাবে অভিযান স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, মঙ্গলবার গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান-এর নেতৃত্বে পৌর শহরের ২নং ওয়ার্ডের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অবৈধভাবে স্থাপিত ঘরগুলো উচ্ছেদের একপর্যায়ে সেখানে উপস্থিত হন জননেতা মুহিবুল্লাহ এনিম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন। মুহিবুল্লাহ এনিম অসহায় ও দরিদ্র পরিবারগুলোর চরম সংকটের কথা তুলে ধরেন এবং মানবিক দিক বিবেচনা করে উচ্ছেদ কার্যক্রমটি অন্তত একটি নির্ধারিত সময়ের জন্য স্থগিত করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের কাছে বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, “এই মানুষগুলো সমাজের অতি সাধারণ ও অসহায়। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ করে তাদের ঘরগুলো ভেঙে ফেললে নারী ও শিশুদের নিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করবে। তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য অন্তত একটি যৌক্তিক সময় দেওয়া হোক।”
মাননীয় প্রতিমন্ত্রীর এই উপজেলা প্রতিনিধির যৌক্তিক ও মানবিক দাবি এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশ দেন। তিনি একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়ে জানান যে, নির্ধারিত সীমানা অনুযায়ী ঘর মালিকরা যেন নিজ দায়িত্বে তাদের স্থাপনাগুলো সরিয়ে নেন। প্রশাসনের এই নমনীয় সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আশার আলো দেখা দেয়।
অভিযান শেষে মুহিবুল্লাহ এনিম উপস্থিত ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করে বলেন, “আপনাদের এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আইনগত আলোচনা চালিয়ে যাচ্ছি। সরকারি বিধি অনুযায়ী আপনাদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার বিষয়টি আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর ভাইয়ের কাছে অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপন করব।”
উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেনও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের যেকোনো বিপদে যুব অধিকার পরিষদ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা মুহিবুল্লাহ এনিম এবং আবুল হোসেনের এই সময়োপযোগী ভূমিকাকে সাধুবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।