বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি জাতীয় দলে ফেরানোর পরিকল্পনা করছে সাকিব আল হাসানকে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকা সত্ত্বেও খেলার উপযুক্ত ফিটনেস আছে কি না তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে জাতীয় দলের ট্রেনার ইফতিখার ইফতি বলেছেন, সাকিবের ফিটনেস নিয়ে মোটেই উদ্বেগের কিছু নেই।
বুধবার (১ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে সাংবাদিকদের মুখোমুখি হন ইফতি।
তিনি বলেন, সাকিব দেশের বাইরে থাকলেও ও একজন ইন্টারন্যাশনাল স্টার। সে তার ফিটনেস নিয়মিত রক্ষণাবেক্ষণ করে। ওর নিজস্ব ফিটনেস ট্রেইনার, ফিজিও এবং নিউট্রিশন বিশেষজ্ঞ আছে। আমার মনে হয় না যে সেখানে ট্রেনিংয়ের সুবিধা কম পাচ্ছে। আমরা এখানে যা মনিটর করি, তার চেয়ে সাকিব অনেক বেশি মনিটরিংয়ে আছে।
ইফতি আরও জানান, বর্তমানে আমাদের কাছে সাকিবের জন্য কোনো সুনির্দিষ্ট ডেটা নেই। তবে আমি সরাসরি দেখেছি যে সে তার ট্রেইনারের সঙ্গে নিয়মিত অ্যাক্টিভিটি করছে। আমি মনে করি, সে দেশে ফিরে আসার সময় প্রপার ফিট থাকবে।
জাতীয় দলের সিলেকশনের জন্য সাকিব কখন যোগ দিতে পারবেন, সে বিষয়ে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেনি। ইফতি বলেন, জাতীয় দল এমন জায়গা যেখানে যারা আসবে আমরা তাদের নিয়ে কাজ করব। সাকিবের বিষয়টি ন্যাশনাল লেভেলের ইস্যু। সে যখন দেশে আসবে এবং বিসিবি মনে করবে যে সে খেলার জন্য প্রস্তুত, তখন আমরা তার জন্য একটি পরিকল্পনা তৈরি করব।
এছাড়া ইফতি ক্রিকেটারদের ফিটনেস সচেতনতার প্রসঙ্গেও মন্তব্য করেছেন, বর্তমান সময়ে ক্রিকেটাররা আগের তুলনায় অনেক বেশি দায়িত্ববান। তারা ডায়েট, ফিজিও এবং ট্রেইনারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। এই ইতিবাচক পরিবর্তনগুলো এখন তাদের মধ্যে দৃঢ়ভাবে গড়ে উঠেছে।