ম্যাচ জয়ের পরও শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা আনলেও স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে টাইগারদের।
বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করায় বাংলাদেশ দলের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট এই শাস্তি আরোপ করেন। আইসিসি আচরণবিধির ২.২.২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ন্যূনতম ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। সে অনুযায়ী দুই ওভার কম হওয়ায় ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার ছিলেন নিতিন মেনন এবং ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তারা বিষয়টি ম্যাচ রেফারির নজরে আনেন।
এদিকে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় শাস্তি কার্যকর হয়েছে বলে জানা গেছে।