চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ নির্ধারণে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের। রোববার (২৯ মার্চ ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এই প্রাথমিক সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার অনুমতি মিলে গেলে আনুষ্ঠানিক সময়সূচি বা রুটিন প্রকাশ করা হবে।
একজন বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, পরীক্ষা সময় ঘনিয়ে আসায় তাৎক্ষণিকভাবে তারিখ নির্ধারণের জন্য এই সভা ডাকা হয়েছিল। সভায় উপস্থিত সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ৭ জুন থেকে পরীক্ষা শুরু করার পক্ষে মত দিয়েছেন। শিক্ষামন্ত্রী সংসদ অধিবেশনের কারণে সভায় উপস্থিত ছিলেন না; তাই তার চূড়ান্ত অনুমোদনের পরই অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার রুটিন ঘোষণা করা হবে।