চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে এ আদেশ দেন।
এর ফলে এনসিটি পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি কার্যকর করতে আর কোনো আইনি বাধা রইল না।
এর আগে, গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন এবং চুক্তি প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ তা খারিজ করে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।