বিশ্বের সেরা ফুটবল তারকাদের তালিকায় উপরের দিকেই রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের কেরিয়ার গৌরবময় এবং অসংখ্য অর্জনে ভরা। তবে জীবনের একটি সিদ্ধান্ত এখনও তাকে অনুতাপের অনুভূতি দেয়।
মেসি জানান, কম বয়সে ইংরেজি শেখার সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে পারেননি। ফলে অনেকসময় আন্তর্জাতিক কর্মকাণ্ডে নিজেকে ‘অর্ধ-মূর্খ’ মনে হয়েছে।
মেক্সিকান পডকাস্ট মিরো দে আতরাস-এ দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমি একাধিকবার খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে দেখা করেছি, কিন্তু ভাষাজ্ঞানের অভাবে ঠিকভাবে কথা বলতে পারিনি। এখন আমি আমার সন্তানদের বলি, প্রাপ্ত সুযোগগুলো যেন ভালোভাবে কাজে লাগায়।
মাত্র ১৩ বছর বয়সে জন্মশহর রোজারিও ছেড়ে স্পেনে পাড়ি জমান মেসি। সেখানে তিনি বার্সেলোনার লা মাসিয়া একাডেমি-তে ফুটবল ও পড়াশোনা শুরু করেন। সে সময় আর্জেন্টিনার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কঠিন ছিল।
২০২৩ সালের মাঝামাঝি পিএসজি ছেড়ে ইউরোপীয় ফুটবল অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার-এ যোগ দেন। বর্তমানে সেখানেই খেলছেন।
রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন, ফুটবল শুধু একটি পেশা নয়, এটি জীবনকেই শেখায়। খেলাটি আমাকে আমার সঠিক জায়গা খুঁজে নিতে শিখিয়েছে।