স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইলহান ওমর ও রাশিদা তালিব-কে সরাসরি আক্রমণ করেছেন। ট্রাম্প বলেন, তাদের “যেখান থেকে এসেছেন সেখানে” ফেরত পাঠানো উচিত।
ভাষণের সময় ওমর ও তালিব চিৎকার করে বলেন, “আপনারা আমেরিকানদের হত্যা করেছেন!” ঘটনা ঘিরে কংগ্রেসে উত্তেজনা দেখা দেয়। ওমর পরবর্তীতে সামাজিকমাধ্যমে জানান, তার বক্তব্যে তিনি অটল এবং নির্বাচনী এলাকায় দুই নাগরিকের মৃত্যুর জন্য প্রশাসন দায়ী।
পরদিন ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় দুই মুসলিম আইনপ্রণেতাকে ‘কুটিল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি করেন। তিনি বলেন, তারা দেশের উপকারে আসতে পারবে না, বরং ক্ষতিই করতে পারে।
ট্রাম্পের মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকরা মনে করছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
ট্রাম্পপন্থীরা বলছেন, ভাষণের সময় প্রতিবাদ করা শিষ্টাচারবিরোধী ছিল। অপরদিকে সমালোচকরা মন্তব্য করেছেন, প্রেসিডেন্টের এ ধরনের আক্রমণ জাতীয় রাজনীতিতে নতুন উত্তাপ এবং বিভাজন সৃষ্টি করতে পারে।