রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড দুই দফায় ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) একটি টকশোতে অতিথি হিসেবে গিয়ে তিনি জানান, পিটিআই চিকিৎসা ব্যবস্থাতে সন্তুষ্ট না হলে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে এবং আদালতের নির্দেশনা পাওয়া গেলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা যেতে পারে।
টকশোতে তিনি আরও বলেন, জেলের আইন বিধি লঙ্ঘনের অভিযোগে পিটিআই নেতৃত্ব ও পরিবারের সঙ্গে সাক্ষাৎকার সীমিতের পর থেকেই ইমরান খানের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ইমরান খানের বোনের সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থাও করা হয়েছিল।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) গুরুতর চোখের ব্যাধিতে আক্রান্ত হয়েছেন বলে আইনজীবী সালমান সাফদার সুপ্রিম কোর্টে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন। এই প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সাল থেকে তার ডান চোখের ৮৫% দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।