শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ আটক এবং কাস্টমসের ‘রহস্যজনক’ ছাড়ের অভিযোগ উঠেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তাঁর স্বামী নির্মাতা আদনান আল রাজীব ও পরিচালক শঙ্খ দাসগুপ্তের বিরুদ্ধে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনের সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ফেরার সময় তিনজনের লাগেজ তল্লাশিতে ১৪ বোতল মদ উদ্ধার করা হয়। যদিও বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন বেআইনি, তবু মামলা না করে তাদের ছাড় দেওয়া হয় এবং কোনো মুচলেকা নেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জব্দকৃত পণ্যের রসিদ কাস্টমস কর্মকর্তার মাধ্যমে পরবর্তী ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছিল, আর প্রটোকল দিতে উপস্থিত এভিয়েশন সিকিউরিটি কর্মকর্তারা কিছুই জানতেন না।
ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি সরাসরি মদের বিষয় উল্লেখ না করলেও লিখেছেন, “কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাকে বিভিন্ন বিষয়ে টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় হয়রানি হয়েছিল, যা বিজ্ঞ আদালত আমাকে অব্যাহতি দিয়ে সমাধান করেছে। এখন নতুন করে কাজ শুরু করতেই আবার আমার মানহানি করার চেষ্টা হচ্ছে।”
এ অভিনেত্রী আরও জানিয়েছেন, শোবিজ অঙ্গনে নারীদের সহজেই টার্গেট করা হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর কারণে অনেক শিল্পী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যা কাম্য নয়। মেহজাবীন ভক্ত ও অনুরাগীদের কাছে তাঁর পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং নিজের কাজকে নিয়েই আলোচনা হওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেছেন।