প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৈঠক শেষে মন্ত্রী আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করছেন এবং সে বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা এখন সেই লক্ষ্যে কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, থার্ড টার্মিনালের চালু হওয়ার সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারিত হয়নি। এখন আলোচনা চলছে, তদন্ত করা হচ্ছে এবং কীভাবে দ্রুত চালু করা যায় সে বিষয়টি প্রক্রিয়াধীন। তাই নির্দিষ্ট কোনো সময় বলা সম্ভব নয়।
৯৯ শতাংশ কাজ শেষ হলেও থার্ড টার্মিনাল আগে চালু না হওয়ার কারণ জানতে চাইলে মন্ত্রী জানান, এটি আগের অন্তর্বর্তী সরকারের সময়ের দায়িত্ব। বর্তমানে প্রধানমন্ত্রী দ্রুত চালু করার উদ্যোগ নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।