দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর মানববাহী মহাকাশযান আবার চাঁদের কক্ষপথে পৌঁছাতে চলেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৬ মার্চ শুরু হবে ঐতিহাসিক আর্টেমিস-২ মিশন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
নাসার জ্যেষ্ঠ কর্মকর্তা লোরি গ্লেজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সম্ভাব্য এই তারিখটি নিশ্চিত করেছেন। তিনি জানান, উৎক্ষেপণ প্যাড প্রস্তুতি, ফ্লাইট রিভিউ এবং মহড়ার ফলাফল সফলভাবে সম্পন্ন হওয়া আবশ্যক। আমাদের প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। যদি তা সম্ভব হয়, ৬ মার্চ আমরা উৎক্ষেপণের জন্য প্রস্তুত হব।
উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে নাসার বিশাল এসএলএস রকেট নিয়ে মহড়া সম্পন্ন হয়েছে। এই মহড়ায় রকেটের জ্বালানি ট্যাঙ্ক পূর্ণ করা হয়েছে এবং সব কারিগরি পরীক্ষা বাস্তব উৎক্ষেপণের মতো চালানো হয়েছে। নাসা জানিয়েছে, মহড়া পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কাউন্টডাউন টি-২৯ সেকেন্ড পর্যন্ত শেষ হয়েছে।
এর আগে, ফেব্রুয়ারি মাসের শুরুর মহড়ায় কিছু কারিগরি ত্রুটি ধরা পড়ে, যার কারণে মাসের শুরুর উৎক্ষেপণ সম্ভব হয়নি। কিন্তু এখন এসব সমস্যা কাটিয়ে ওঠা হয়েছে, এবং মার্চ মাসকেই নতুন লক্ষ্য হিসেবে ঠিক করা হয়েছে।
এই মিশনে অংশ নিচ্ছেন মোট চারজন মহাকাশচারী। তাদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন কানাডার। দলটি সরাসরি চাঁদে অবতরণ না করলেও চাঁদের কক্ষপথে ঘুরে আসবে, যা ভবিষ্যতে মানবজাতির চাঁদে পুনরায় পদার্পণের পথকে সহজ করবে।