যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট ট্রাম্পের গত বছরের শুল্ক আরোপ বাতিল করার পর এই নতুন সিদ্ধান্ত নেন তিনি।
ট্রাম্পের নতুন ঘোষণার আগে তিনি কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক পুনরায় আরোপ করেছিলেন। এরপর তা ১৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দেন।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের শুল্ক ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি করা হলো। বহু বছর ধরে কিছু দেশ যুক্তরাষ্ট্রকে অসাধু কার্যক্রমে জড়িয়ে রেখেছে, যা বিচার পায়নি। এখন থেকে আইন মেনে এই বাড়তি শুল্ক কার্যকর হবে।”
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, এই ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্পের প্রশাসন এটিকে স্থায়ী ও আইনি বৈধতা প্রদানের জন্য কাজ করবে বলে জানিয়েছেন।
গত বছর ট্রাম্প জরুরি অর্থনৈতিক শক্তি আইন (আইইইপিএ) এর অধীনে বিশ্বের সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন। এতে দেশটিতে অনেক পণ্যের দাম বেড়ে গিয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্রাম্প তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন এবং শুল্ক আরোপের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল।