ঢালিউড মেগাস্টার শাকিব খানের ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘রকস্টার’ সিনেমা নিয়ে ইত্যমধ্যেই শুরু হয়ে গেল নতুন গুঞ্জন। আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। সিনেমার শুটিং শুরুর আগেই দর্শকদের আলোচনার কেন্দ্র বিন্দু সিনেমার নায়িকাকে ঘিরে। শোনা যাচ্ছে শাকিবের নায়িকা হিসেবে এই সিনেমায় দেখা যাবে পাকিস্তানি কোনো অভিনেত্রীকে। এমন গুঞ্জনই যখন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু তখনই সিনেমার পরিচালক আজমান রুশো বললেন আরেক কথা।
গণমাধ্যমে পরিচালক সাফ জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।
কিন্তু কিছু দিন আগে শাকিব খান নিজে জানিয়েছিলেন, পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সঙ্গে তার সিনেমার বিষয় নিয়ে আলোচনা চলছে। যদিও সেটা কোন সিনেমা তা উল্লেখ করে তিনি কিছু বলেননি।
এই প্রসঙ্গে নির্মাতা রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।
আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে আগামী মাসেই শুরু হবে সিনেমার কাজ। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। যেখানে তিনি থাকবেন, ঢাকার এক তরুণের চরিত্রে যার গল্পের প্রেক্ষাপট দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দর্শকরা যা দেখে মুগ্ধ হবেন বলে প্রত্যাশা পরিচালকের।