আগামী ২ মার্চ দেশের মানুষ জাতীয় ভোটার দিবস পালন করবে। নির্বাচন কমিশন (ইসি) রোববার (২২ ফেব্রুয়ারি) জানিয়েছে, এই দিনটি মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন অনুযায়ী নির্ধারিত হয়েছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যেই জাতীয় ভোটার দিবসের তারিখ ঘোষণা করেছে। আজ-কালের মধ্যে দিনটিকে কেন্দ্র করে কর্মসূচি চূড়ান্ত করা হবে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, অন্য বছরগুলোর মতো এবারও জাতীয় ভোটার দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।