মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সঙ্গে থাকা চাচা শাখাওয়াত।
পরিবারের সদস্যরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর টানা ২৭ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তার মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে জীবনযুদ্ধে হার মানে শিশুটি।
ঘটনাটি ঘটে গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায়। ওইদিন মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান।
গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৩ জানুয়ারি বিকেলে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সীমান্ত এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।